পাকিস্তানে 'নিরাপত্তার' কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া বাতিল

ছবির উৎস, Anadolu via Getty Images
পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচিতে তাদের কনস্যুলেটগুলো 'নিরাপত্তা পরিস্থিতির' কারণে, ছয়ই মার্চ, শুক্রবার পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।
এর আগে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরটি সামনে আসার পর, করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। যেখানে সহিংস সংঘাতের ঘটনা ঘটে বলেও জানা গেছে।
কিছু প্রতিবেদন অনুসারে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের উপর গুলি চালায় এবং পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ওই প্রতিবেদনে এটিও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
এএফপির একজন প্রতিবেদকের মতে, "একদল তরুণ মূল ফটক বেয়ে উঠে কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করে, যাদের মধ্যে কেউ কেউ জানালা ভেঙে ফেলেছিল"।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে একদল ব্যক্তিকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙতে দেখা গেছে।









