ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইসরায়েল, অন্যদিকে সৌদি আরবের তেল স্থাপনায় ইরানি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে।

সরাসরি কভারেজ

  1. ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো খুললো গাজা ক্রসিং

    গাজা শহরের আকাশ পেরিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের ছোড়া ক্ষপণাস্ত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান থেকে ছোড়া ক্ষপণাস্ত্র গাজা শহরের আকাশ পেরিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো খুলে দেওয়া হল গাজা ক্রসিং।

    যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুক্ত শুরু হওয়ার পর ইসরায়েলি সৈন্যরা পথটি বন্ধ করে রেখেছিল।

    ফলে ত্রাণ সহায়তা ঢুকতে না পারায় গাজায় খাদ্য ও জ্বালানির মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, যার ফলে খাদ্য সংকট প্রকট হতে পারে বলে সতর্ক করেছিল জাতিসংঘসহ অন্য সংস্থাগুলো।

  2. স্যাটেলাইটের ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়-ক্ষতির চিত্র

    হামলার পর নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সে ক্ষয়ক্ষতির চিত্র
    ছবির ক্যাপশান, হামলার পর নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সে ক্ষয়ক্ষতির চিত্র

    ইসরায়েলের হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের যে ক্ষয়-ক্ষতি হয়েছে, সেটির নতুন একটি স্যাটেলাইট চিত্র বিবিসি'র হাতে এসেছে।

    ছবিটি প্রকাশ করেছে মার্কিন কোম্পানি ভ্যান্টর, যা বিবিসি ভেরিফাই ছবিটি যাচাই করেছে।

    প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মধ্য ইরানে অবস্থিত ওই পারমাণবিক কমপ্লেক্সের তিনটি ভবনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

    ভ্যান্টরের বিশ্লেষণেও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো মূলত পরমাণুকেন্দ্রের ভূগর্ভস্থ জ্বালানি সমৃদ্ধকরণ কমপ্লেক্সে কর্মী ও যানবাহনের প্রবেশপথের সঙ্গে যুক্ত ছিল।

  3. পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনের সদস্যরা

    পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান

    দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনের অন্য দুই সদস্য পদত্যাগ করেছেন।

    মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজেদের পদত্যাগ পত্র আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার কথা গণমাধ্যমকে জানান বিদায়ী চেয়ারম্যান নিজেই।

    মি. মোমেন বলেন, “আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই, আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার তাদের প্রত্যাশা অনুযায়ী নিশ্চয় আমাদের থেকেও অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন।”

    দুদক চেয়ারম্যান এবং অপর দুই কমিশনার পদত্যাগ করবেন, গত কয়েকদিন ধরেই এমন আলোচনা চলছিল।

    ২০২৪ সালের ১২ই ডিসেম্বর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

    পদত্যাগ করা কমিশনের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

  4. ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

    ইরানে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল

    ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

    ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে "অসংখ্য গোলাবারুদ" নিক্ষেপ করা হয়েছে।

    এই বার্তায় আরও বলা হয়েছে যে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির "শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও" হামলা করা হয়েছে।

    আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন। মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি তার নিজের কম্পাউন্ডেই নিহত হন।

  5. ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

    সোমবার ইরানের গান্ধী হাসপাতাল থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় তোলা ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সোমবার ইরানের গান্ধী হাসপাতাল থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় তোলা ছবি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

    ইতিমধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে যে, ১৭৬ জন শিশু সহ ৭৪২ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।

    ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    এদিকে, তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগের জবাবে আইডিএফ দাবি করেছে যে, "হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।"

    যদিও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়কেই ওই হাসপাতালে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  6. ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল-আমেরিকা

    চলমান সংঘাতে ইরানের ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, চলমান সংঘাতে ইরানের ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ইরানের রাজধানী তেহরান, বুশেহর এবং উর্মিয়া সহ বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত রেখেছে আমেরিকা-ইসরায়েল।

    বিবিসি ফার্সির প্রতিবেদন অনুসারে, গত কয়েক ঘণ্টা ধরে ইরানের কয়েকটি বড় শহরের মতো পারদিস এবং পারচিনের মতো এলাকাগুলোতেও অব্যাহতভাবে আক্রমণ চালানো হচ্ছে।

    ইসফাহান এর গভর্নরেট জানিয়েছে যে, "ইসফাহানের একটি স্থানে" মঙ্গলবারের হামলায় তিনজন নাগরিক নিহত হয়েছেন।

    স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে, ইরানের কেরমানে সেনা বিমান ঘাঁটিতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

    এছাড়া মিনাব স্কুলে চালানো হামলার সময় ৩৫ জন শিক্ষক ও কর্মচারী ছিলেন, যাদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

    যুদ্ধের শুরু থেকে, প্রায় পাঁচটি বড় হাসপাতাল, বেশ কয়েকটি জরুরি কেন্দ্র এবং মোট ১০টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

    তেহরানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, সোমবারের বিমান হামলায় আটটি অ্যাম্বুলেন্স এবং সহায়তাকারী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

  7. লেবাননে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি

    লেবাননের বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ।

    ইসরায়েল বলছে যে, তারা উভয় স্থানেই "সামরিক লক্ষ্যবস্তুতে" আঘাত করছে। এছাড়া লেবাননে, ইরান-সমর্থিত গোষ্ঠি হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে আইডিএফ।

    সবশেষ হামলায় ইরানে ক্ষয়ক্ষতির ছবি এখনও পাওয়া যায়নি, তবে নীচের ছবিগুলো লেবাননের বিভিন্ন স্থান থেকে নেওয়া।

    বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
    ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখছেন বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখছেন বাসিন্দারা
    বৈরুতের অগ্নিনির্বাপক কর্মীদেরকে একটি আবাসিক এলাকায় আগুন নেভাতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৈরুতের অগ্নিনির্বাপক কর্মীদেরকে একটি আবাসিক এলাকায় আগুন নেভাতে দেখা যাচ্ছে
  8. ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা

    হামলার পর দুকম বন্দরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ছবির উৎস, UGC

    ছবির ক্যাপশান, হামলার পর দুকম বন্দরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

    ওমানের দুকম বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় "কোনও মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।"

    গত সপ্তাহের শেষ দিকেও একই বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল। প্রতিবেদন অনুসারে, ওই হামলায় একজন শ্রমিক আহত হয়েছিলেন।

    এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়- যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। সৌদি আরবও বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে।

    বছরের পর বছর ধরে মার্কিন-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে ওমান। গত মাসেই দেশটিতে সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

  9. স্টারমার 'সাহায্য করছেন না' এবং সম্পর্ক 'আগের মতো নেই' মন্তব্য ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (ফাইল ছবি)

    ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী "সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখবো। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব।"

    এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, "এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই।"

    সোমবার, বৃটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, তার সরকার "আকাশ থেকে শাসনব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না।"

    এছাড়া, শুরুতে ইরানে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। যদিও পরবর্তীতে ইরানি স্থাপনাগুলোতে "প্রতিরক্ষামূলক" হামলার জন্য তাদের ঘাঁটিগুলো খুলে দেয়।

    ট্রাম্প দ্য সানকে বলেন, "ফ্রান্স দুর্দান্ত। তারা সবাই দুর্দান্ত। যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।"

  10. মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

    হজ ও ওমরাহ করতে প্রতিবছর বিভিন্ন দেশের মানুষ সৌদি আরব যান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হজ ও ওমরাহ করতে প্রতিবছর বিভিন্ন দেশের মানুষ সৌদি আরব যান

    ওমরাহ করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাওয়া ইরানিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।

    বিবিসি অ্যারাবিকের একটি খবরে বলা হয়েছে, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

    সংস্থাটি ব্যাখ্যা করেছে যে, সোমবার স্বাভাবিকভাবেই সৌদি-ইরাক সীমান্ত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর ইরানে প্রবেশ করেন তারা।

    মক্কা ও মদিনায় ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা মোট নয় হাজার বলেও জানানো হয়েছে ওই খবরে।

  11. লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল

    লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে

    লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।

    যেখানে মি. কাটজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু "ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উপর গুলিবর্ষণ রোধ করার জন্য, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছেন"।

    তিনি আরও বলেন, "আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে"।

    কাটজ আরও বলেন, ইসরায়েল "সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা" নিশ্চিত করতে বদ্ধপরিকর।

    "আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করব," বলেন তিনি।

  12. ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার দাবি হেজবুল্লাহর

    লেবাননে বিমান হামলার পর এবার স্থল অভিযানের কথা জানিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননে বিমান হামলার পর এবার স্থল অভিযানের কথা জানিয়েছে ইসরায়েল

    "লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে" তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ।

    টেলিগ্রামে দেওয়া তিনটি পৃথক পোস্টে হেজবুল্লাহ জানিয়েছে যে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের 'বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত' হেনেছে, পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।

    যদিও এই ধরনের আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

  13. মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

    কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে “গুরুতর ঝুঁকির” কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে “যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে” এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

    এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

  14. গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

    রিট আবেদনের পক্ষে তিনজন আইনজীবী শুনানি করেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, রিট আবেদনের পক্ষে তিনজন আইনজীবী শুনানি করেন

    জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ) এবং গণভোট অর্ডিন্যান্স- সংবিধানের সঙ্গে 'সাংঘর্ষিক হওয়ায়' এগুলো কেন অবৈধ হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এই রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

    রিট আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, রাষ্ট্রপতি কর্তৃক প্রণিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তাবয়ন আদেশ) কেন অবৈধ হবে না এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

    একই সঙ্গে, গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না এই বিষয়েও আদালত রুল জারি করেছে বলেও জানান তিনি।

    মি. মাহবুব বলেন, “এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। ঈদের পরে কোর্ট খুললে এর চূড়ান্ত শুনানি হবে।”

    তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদে উল্লেখ থাকা অধিকার বলে রাষ্ট্রপতি গণভোটের অর্ডিন্যান্স জারি করেছেন। কিন্তু সেখানে উল্লেখ করা আছে যে, “রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই,” বলেন মি. মাহবুব।

    এছাড়া, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে ‘প্রেসিডেন্ট অর্ডার’ বলে কোনো বিষয় বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই বলেও উল্লেখ করেন তিনি।

  15. কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা

    সোমবার কুয়েতে মার্কিন ঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোমবার কুয়েতে মার্কিন ঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়

    কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে যে চলমান “আঞ্চলিক উত্তেজনা”র কারণে দূতাবাসটি “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” বন্ধ থাকবে।

    দূতাবাস আরও জানিয়েছে, “আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি”।

    সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের বহু দেশ—কুয়েতসহ—এ অবস্থানরত মার্কিন নাগরিকদের “গুরুতর নিরাপত্তা ঝুঁকি”র কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়।

    সোমবার কুয়েতে “ভুল করে চালানো গুলিতে” যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

    রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দুটি ড্রোন হামলার ঘটনার পর কুয়েতি দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

  16. সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা কাতারের

    মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর তথ্য জানিয়েছে কাতার।

    কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণের পথে থাকা সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস দোহায় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে জানায়, ভিসার এই মেয়াদ বৃদ্ধি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দেওয়া লাগবে না বলেও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

    ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে যেতে বা অতিরিক্ত আবেদন জমা দিতে হবে না বলেও জানানো হয়েছে।

    যেসব ভিসাধারীর ২৮ ফেব্রুয়ারির আগে কোনো ধরনের লঙ্ঘন রয়েছে, তাদের আগে সেই লঙ্ঘনকালীন উপযুক্ত নিষ্পত্তির অর্থ পরিশোধ করতে হবে। নিষ্পত্তি সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ কার্যকর হবে।

  17. 'অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর' মতো অস্ত্রের মজুত আমেরিকার কাছে আছে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    'অনন্তকাল' ধরে লড়াই করা যেতে পারে এত পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।

    "আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!,” ট্রাম্প লেখেন।

    এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে "অনেক উচ্চমানের" মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।

    চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

  18. তেহরান ও বৈরুতে ইসরায়েলের হামলা

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে”।

    এই হামলা আসে আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর।

    আইডিএফ জানিয়েছিল, তারা হেজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।

  19. বৈরুতের বাসিন্দাদের জন্য ইসরায়েলের 'জরুরি সতর্কতা' জারি

    দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে কয়েকটি শহর এবং কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের জন্য একটি 'জরুরি সতর্কতা' জারি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

    এতে বলা হয়েছে যে, হিজবুল্লাহর সাথে সম্পর্কিত ভবনগুলো থেকে লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের কাছাকাছি যে কেউ ঝুঁকিতে রয়েছে।

    আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, "আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে"।

  20. বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

    ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে।

    সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

    ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

    এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

    মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছে।