ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন ও রাশিয়া।

সরাসরি কভারেজ

  1. ছবিতে ইরান: ভয়, আতঙ্ক ও উদযাপন, হামলা চলছে

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে।

    হামলায় ইতোমধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

    তেহরানের আকাশে ধোঁয়ার কুন্ডলী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানের আকাশে ধোঁয়ার কুন্ডলী
    নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটেছে অনেক মানুষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটেছে অনেক মানুষ
    তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা

    ছবির উৎস, AFP via Getty Image

    ছবির ক্যাপশান, তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা
    অনেক ইরানি তেহরান ছাড়ছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অনেক ইরানি তেহরান ছাড়ছেন
    কাজার শহরে একটি যাচাই করা ভিডিও থেকে নেওয়া স্ক্রীনশট, যেখানে খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে অনেকে

    ছবির উৎস, Mamlekate/X

    ছবির ক্যাপশান, কাজার শহরে একটি যাচাই করা ভিডিও থেকে নেওয়া স্ক্রীনশট, যেখানে খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে অনেকে
  2. প্রেসিডেন্ট ও অন্য দুজন অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন, ইরানের ঘোষণা

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরান ঘোষণা করেছে যে দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন।

    ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতোল্লা আলি খামেনেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।

    অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন।

    দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে।

    তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।

    রুহুল্লা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

    আরো পড়তে পারে:

  3. এখন পর্যন্ত যা যা জানা গেছে:

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতি বিভিন্ন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

    একজন উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছেন। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ নতুন সর্বোচ্চ নেতা মনোনীত করবেন বলে আশা করা হচ্ছে।

    রেডক্রিসেন্ট জানিয়েছে, দুশোর বেশি বেসামরিক মানুষ হামলায় মারা গেছে। আর বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজের খবরে বলা হয়েছে প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।

    এদিকে, রোববার সকাল থেকে তেহরানে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে। এর মধ্যে আছে দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন ‘খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন এবং তার মৃত্যু ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ।’।

  4. সকালে তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ

    তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

    ছবির উৎস, Supplied

    ছবির ক্যাপশান, তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

    তেহরানে এখন ভোরের সূর্য উঠছে, এর মধ্যেই গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

    শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি।

    ডোনাল্ড ট্রাম্প বোর্মা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন।

    ঘণ্টা খানেক আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

    ওই পোস্টে বলা হয়েছে: “নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”

    ওদিকে, আইডিএফ সবশেষ বলেছে, “ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।”

    আরো পড়তে পারে:

  5. ইরানি রাষ্ট্রীয় টিভি: খামেনি তার অফিসেই মারা গেছেন

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময়েই নিহত হয়েছেন।

    স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে এর আগেই বিবিসি ভেরিফাই লিডারশিপ হাউজ কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছিল।

    এটিই তেহরানে খামেনির কার্যালয় ছিল।

    ইসলামিক রেভল্যুউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাথে যোগসূত্র আছে এমন সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে গেছেন বলে যেসব খবর দেওয়া হচ্ছিল সেগুলো ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই’।

  6. 'বিধ্বংসী আক্রমণ' সম্পর্কে সতর্ক করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর

    বিবিসি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর থেকে একটি বিবৃতি পেয়েছে, যেখানে সতর্ক করা হয়েছে যে তারা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে।

    বিবৃতিতে বলা হয়েছে, "অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।"

    এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।

    এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর মি. খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আরো পড়তে পারে:

  7. খামেনির উত্তরসূরী কে হবেন, তার কোনো উল্লেখ নেই

    ইরানের কয়েকটি সংবাদ মাধ্যমে একযোগে খামেনির মৃত্যুর খবর জানানো হয়েছে

    ছবির উৎস, IRINN

    ছবির ক্যাপশান, ইরানের কয়েকটি সংবাদ মাধ্যমে একযোগে খামেনির মৃত্যুর খবর জানানো হয়েছে

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বিবৃতি প্রচার করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন।

    তবে ওই বিবৃতিতে ৮৬ বছর বয়েসী মি. খামেনি কিভাবে মারা গেলেন এবং কে তার দায়িত্ব নিতে যাচ্ছে সেসব নিয়ে কিছু বলা হয়নি।

    সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞমণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ।

    ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতোল্লা আলি খামেনেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।

    এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি আট বছর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটির অনুমোদনের ওপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।

  8. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারা গেছেন খামেনির মেয়ে, জামাই ও নাতি

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও মারা গেছেন।

    এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পূত্রবধুও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

    এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মি. খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানায়।

    ওদিকে, বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে।

    তবে, এটা পরিস্কার নয় যে ওই কর্মকর্তারা একাধিক জায়গায় নাকি একটি জায়গাতেই অবস্থান করছিলেন।

    তারা দাবি করেছে মি. খামেনি ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রী হামলায় মারা গেছেন।

  9. খামেনির মৃত্যু নিশ্চিত করলো ইরানের রাষ্ট্রীয় টিভি, ৪০ দিনের শোক ঘোষণা

    আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনি

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।

    এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর মি. খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

    এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।

    সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ ছিলেন।

    আরো পড়তে পারে:

  10. শনিবার সারাদিন যা যা হলো-

    • শনিবার দিনভর হামলার পর সন্ধ্যায়ও পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
    • তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে।
    • ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২০০র বেশি নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছে।
    • ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে, দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
    • ইরানজুড়ে হামলার পর অনেকে তেহরান ছাড়তে শুরু করেছে।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার এর জবাবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
    • কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইসরায়েলের হামলায় দু’য়েকজন কমান্ডার নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছে।
    • প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
    • ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে।
    • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
    • ইসরায়েলের সীমান্তবর্তী দেশ জর্ডান জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
    • বার্তাসংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে