যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, বুধবার সারাদিন যা যা হলো:
- মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে “হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে”।
- ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সংঘাত শুরুর পর থেকে তারা ইরানে পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।
- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, "ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দু'টি দলের প্রধানের সাথে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং, এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি।"
- সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকে রয়েছে। এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল” এবং “প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন।”
- পিট হেগসেথ আরো বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।”
- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরির আঘাতে এক নারী শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষক আসমা সাদিয়া রুনা, বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বিকেলে নিজ অফিস থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।
- সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
- খতনার জন্য অজ্ঞান করার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসকের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
- সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় এই হামলার চেষ্টা হয়েছে।
- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার থেকেই শুরু হওয়ার কথা ছিল।
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
- ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে।
- চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।”
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন" বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল নয়টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- কাতারকে লক্ষ্য করে ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুন আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা থেকে সরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
- ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের “ডজনখানেক পুলিশ ও বাসিজ ফোর্সের সদর দফতরকে” লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।
- ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।