ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।" তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন। এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো

    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।" তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন দেখা যাচ্ছে। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।
    • গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি। ওদিকে ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।
    • ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপক ক্ষতিসাধন করা।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন – আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন।
    • মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।
    • জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে 'সরাসরি প্রভাব' পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি।
    • গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারো ইসরায়েলি সেনাদের গুলিতে ৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বুধবারের লাইভ পেজ দেখতে ক্লিক করুন এখানে।

  2. ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প, 'ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে'

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।"

    "তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়," যোগ করেন মি. ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, "কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।"

    এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন, "ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।"

    এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "আনকন্ডিশনাল সারেন্ডার!" (নিঃশর্ত আত্মসমর্পণ!)

  3. ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্প 'আরও ব্যবস্থা' নিতে পারেন, জানালেন জেডি ভ্যান্স

    জেডি ভ্যান্স

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জেডি ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প "আরও ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সিদ্ধান্ত নিতে পারেন"।

    সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলছেন, ইরান বেসামরিক কাজে ব্যবহারের চেয়ে বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

    তিনি ট্রাম্পের প্র্রশংসা করে বলেছেন, অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা ইরান যেভাবে লঙ্ঘন করেছে তার পক্ষে একটিও যুক্তি নেই।

    মি. ভ্যান্স বলেছেন, ট্রাম্প আমেরিকার সামরিক বাহিনীকে শুধু আমেরিকান জনগণের লক্ষ্য অর্জনে ব্যবহার করতে আগ্রহী।

  4. তেহরানের মানুষ কোথায় যাবে?

    তেহরান ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন শহরের বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেহরান ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন শহরের বাসিন্দারা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সবার দ্রুত তেহরান খালি করা উচিত’ মন্তব্য করার পর ইসরায়েল শহরটির উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের জন্য ‘ইভাকুয়েশন ওয়ার্নিং’ বা ‘সরে যাওয়ার জন্য সতর্কতা’ জারি করেছে।

    মি. ট্রাম্পের মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিবিসি পার্সিয়ান সার্ভিস এ নিয়ে বেসামরিক নাগরিকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে।

    “অবিলম্বে শহর খালি করতে বলে তারা কি বোঝাতে চেয়েছে? এটা আদৌ সম্ভব?”বলছিলেন একজন অধিবাসী।

    “চলে যেতে বলে কী বোঝানো হয়েছে? তারা কোথায় যাবে? তারা কীভাবে যাবে? কী সব আবোলতাবোল বলছেন আপনারা?"

    আরেকজন অধিবাসী বলেন, তিনি তিন দিন ধরে তার বাবা-মায়ের কণ্ঠ শোনেননি।

    “যতবার হামলা হয়, এটা তখন জীবন ও মৃত্যুর অনুভূতি দেয়। কারণ আমার বাবার কাছে ইন্টারনেট নেই এবং আমার মায়ের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে,” বলছিলেন তিনি।

    ইউরোপে থাকা ইরানের একজন মেডিক্যাল শিক্ষার্থী বলছিলেন, “পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আমাদেরকে মেরে ফেলছে। ইরানের আকাশসীমা বন্ধ না হলে আমাদের অনেকেই ফিরে যেতো।”

  5. ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন, তেহরানে আছেন প্রায় চারশ’ জন: পররাষ্ট্র সচিব

    ইরানের বাংলাদেশিদের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিং

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, ইরানের বাংলাদেশিদের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিং

    ইসরাইলি হামলার কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় চারশ’ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে তেহরানে আছেন আনুমানিক চারশ’ জন। তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। সরকার বিশেষ করে তেহরানে অবস্থানরত দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

    রুহুল আলম সিদ্দিক বলেন, গতকাল তেহরানে অবস্থিত রেডিও তেহরানের বাংলা বিভাগে ইসরাইলি হামলা হয়েছে। ওই সময়ে সেখানে অন্তত ৮ জন বাংলাদেশি সাংবাদিক অবস্থান করছিলেন। তবে তারা সবাই নিরাপদ আছেন।

    বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইতোমধ্যে তার সরকারি বাসভবন ত্যাগ করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা তেহরানে অবস্থান করছেন।

    ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে বসবাসরত দুই হাজার বাংলাদেশির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি স্থানীয় নারীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। এ ছাড়া, কিছু বাংলাদেশি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরা পেশায় নিয়োজিত, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই।

    বৈধ কাগজপত্র নেই এমন কিছু বাংলাদেশি বর্তমানে ডিটেনশন সেন্টারে রয়েছে বলে জানান তিনি।

  6. ইরানে সরকার পরিবর্তন লক্ষ্য নয়, বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

    ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র
    ছবির ক্যাপশান, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র

    ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়।

    তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়।

    রিশন লেজিওন শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।

    সাংবাদিকদের তিনি বলেন, "ইসরায়েলের তিনটি লক্ষ্য- প্রথমত ইরানের পরমাণু কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন করা। এটি এখনো শেষ হয়নি"।

    এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করা তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানান তিনি।

    আর তৃতীয় লক্ষ্য হলো ইসরায়েল রাষ্ট্র নির্মূলের পরিকল্পনার ক্ষতিসাধন করা।

  7. সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যে সিদ্ধান্ত নিলো রাজনৈতিক দলগুলো

    ঐকমত্য কমিশন দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করেছে

    ছবির উৎস, National Consensus Commission

    ছবির ক্যাপশান, ঐকমত্য কমিশন দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করেছে

    জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের তিনি বলেছেন, সবাই দুটি বিষয়ে একমত হয়েছে – আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন।

    মি. আহমেদ জানান, তার দলসহ আরও কয়েকটি দল আলোচনায় সংবিধান সংশোধনী বিলের বিষয়টিও উল্লেখ করেছে। জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো) থাকলে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না- এমন প্রস্তাব ছিল বিএনপির লিখিত প্রস্তাবে।

    তবে কমিশনের সাথে সভায় সিদ্ধান্ত হয়েছে যে আস্থা ভোট ও অর্থ বিল বিষয়ে সিদ্ধান্ত সনদে উল্লেখ থাকবে, যাতে সবাই স্বাক্ষর করবেন।

    যদিও আজকের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ নেয়নি।

    "আর বাকি দুটি বিষয় আলাদাভাবে বলা থাকবে যে এগুলো নির্বাচনি ইশতেহারে থাকবে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত হলে আমরা তা সংযুক্ত করতে পারবো,” বলছিলেন মি. আহমেদ।

    তিনি জানান, সংসদের চারটি কমিটিসহ জনগুরুত্বপূর্ণ কমিটিগুলো সংখ্যানুপাতে বিরোধী দল পাবে- এমন বিষয়েও সবাই একমত হয়েছে।

    এছাড়া সংসদে নারীদের জন্য ১০০ আসনের বিষয়ে সবাই একমত হয়েছে, তবে তাদের নির্বাচন কীভাবে হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি যদি নিজ দল থেকে পদত্যাগ করেন, অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসনটি আসন শূন্য বলে বিবেচিত হবে।

    দীর্ঘদিন ধরেই এ বিধানটির সমালোচনা হচ্ছিলো এই বলে যে এর কারণে সংসদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন না।

  8. ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহতের দাবি মানবাধিকার সংস্থার

    ইসরায়েলের হামলায় নিহত সামরিক কমান্ডারদের ছবি তেহরানের বিভিন্ন সড়কে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় নিহত সামরিক কমান্ডারদের ছবি তেহরানের বিভিন্ন সড়কে

    মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে।

    নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।

    এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

    ওদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

    শুক্রবার থেকে এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

    তেহরানের কেন্দ্রস্থলে দুটি বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেহরানের কেন্দ্রস্থলে দুটি বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে
    ইসরায়েলের তামরা শহরে ইরানের হামলায় নিহতদের শেষকৃত্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের তামরা শহরে ইরানের হামলায় নিহতদের শেষকৃত্য
    ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরা
  9. কর্মকর্তাদের ইন্টারনেটযুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করলো ইরান

    ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড এক ঘোষণায় ইন্টারনেটের সাথে সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

    ওই ঘোষণায় স্মার্টফোন, স্মার্টওয়াচ, পোর্টেবল কম্পিউটারসহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার কর্মকর্তা ও সিকিউরিটি টিমগুলোর জন্য নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

    ওদিকে দেশটির দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেছে, তারা তেহরানের ১৭টি ভ্রাম্যমাণ ফুয়েল স্টেশনের ব্যবস্থা করেছে। আরও ১৩টি শিগগিরই এতে যুক্ত হবে।

    কোম্পানিটি বলেছে, দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই।

    এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জি-৭ নেতাদের সমালোচনা করে বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় অবৈধ হামলা ও ইরানের নাগরিকদের হত্যার বিষয়টি এড়িয়ে গেছেন।

  10. নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় 'পরিবর্তনের' লক্ষণ দেখছে আইএইএ

    তেহরানের ২৫০ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র (৩০ মার্চ, ২০০৫ সালে তোলা ছবি )

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানের ২৫০ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র (৩০ মার্চ, ২০০৫ সালে তোলা ছবি )

    জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে 'সরাসরি প্রভাব' পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি।

    দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাজেন্সি (আইএইএ) বলছে যে তারা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি বিশ্লেষণ করেছে।

    শুক্রবার ইসরায়েলের হামলার পর এসব ছবি সংগ্রহ করা হয়েছে।

    শুক্রবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

    বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য নিশ্চিত করেছে, যেগুলাে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এর কয়েকটি রাজধানী তেহরানে, আর বাকিগুলো দেশের অন্যত্র।

    ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে স্থাপন করা।

    নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট (এফইপি) হচ্ছে ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা ২০০৭ সালের ফেব্রুয়ারিতে চালু হয়।

    এই প্ল্যান্টের দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট হলো পাইলট ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি (পিএফইপি) যেখানে পরীক্ষামূলকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়।

    এই দুটি ইউনিটেরই অবস্থান মাটির নিচে, বিশেষ সুরক্ষা দিয়ে তৈরি যাতে বিমান হামলার আঘাত থেকে বাঁচানো যায়।

    এই কেন্দ্রটিতে তিনটি বড় ভবন রয়েছে যার সবগুলোই মাটির নিচে নির্মিত ।

    শুক্রবারের হামলায় এই কেন্দ্রের 'অনেক ক্ষতি' হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

    ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার মানচিত্র
    ছবির ক্যাপশান, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার মানচিত্র
  11. তেহরানের কেন্দ্রস্থলে দুটি বিস্ফোরণের শব্দ

    তেহরানের কেন্দ্রস্থলে বড় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

    বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে তেহরানে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যাচ্ছে তেহরানে
  12. তেহরানে বিস্ফোরণের শব্দ

    ইরানের সংবাদমাধ্যম তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিচ্ছে।

    এসব খবরে বলা হয়েছে, আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে।

    ওদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তারা আজই প্রথম 'এক ধরনের ক্ষেপণাস্ত্র' ব্যবহার করেছেন যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম।

    তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।

    ইসরায়েলের কর্মকর্তারা সবশেষ হামলায় ত্রিশটির মতো ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে বলে জানিয়েছে।

    তবে তারা বলেছে যে এর বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

  13. ইরান-ইসরায়েল সংঘাতের 'সত্যিকার সমাপ্তি' চান ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। তিনি বলেছেন, এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি।

    একই সাথে তিনি বলেছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

    তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। মি. ট্রাম্প তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

    “একটি সত্যিকার সমাপ্তি। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি,” বলছিলেন তিনি।

    পরে তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে তিনি বলেছেন যে যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সাথে যোগাযোগ করেননি।

    ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত।

    তিনি লিখেছেন, “তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেক প্রাণ রক্ষা করবে”।

  14. ইসরায়েলে মোসাদ সদরদপ্তরে হামলার খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার

    মোসাদ সদরদপ্তর আক্রান্ত হয়েছে- এমন খবর দিচ্ছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মোসাদ সদরদপ্তর আক্রান্ত হয়েছে- এমন খবর দিচ্ছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, প্রতীকী ছবি

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন দেখা যাচ্ছে।

    ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।

    “সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে,” সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেয়া পোস্টে বলেছে।

    মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

    এসব বিষয়ে সরকারি যে বিধিনিষেধ আছে তাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না।

    ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৪৯ সালে।

    এর দেড় বছর আগে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিলো।

    ইসরায়েলকে বাইরের হুমকি থেকে সুরক্ষা দেয়ার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিলো।

  15. তেহরানে আবাসিক এলাকায় উদ্ধার তৎপরতার ছবি

    তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা শুরু করেছেন উদ্ধার কর্মীরা।

    টেলিগ্রামে এক পোস্টে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে: "আবাসিক ঘরবাড়িতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।"

    সংস্থাটি জানিয়েছে তারা আহত ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেয়ার কাজ করছে।

    ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা

    ছবির উৎস, EPA

    ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা

    ছবির উৎস, EPA

    আবাসিক এলাকায় হামলা চলছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

    ছবির উৎস, EPA

  16. ইরানের হামলার পর ইসরায়েলের কিছু ছবি

    ইসরায়েলে ইরানের সবশেষ হামলার ছবি আসতে শুরু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী স্থানীয় সময় আজ ভোরে ইরানের হামলার তথ্য নিশ্চিত করেছে।

    তারা জানিয়েছে, ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, যার বেশিরভাগ প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

    নিচের ছবিতে দেখা যাচ্ছে তেল আভিভের উত্তরে একটি এলাকায় কাজ করছেন দমকল কর্মীরা।

    পুড়ে যাওয়া বাস

    ছবির উৎস, Reuters

    কাজ করছেন দমকল কর্মীরা

    ছবির উৎস, Reuters

    ইসরায়েল জানিয়েছে ত্রিশটির মতো  ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

    ছবির উৎস, Reuters

  17. উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করলেন ইশরাক হোসেন

    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেন

    ছবির উৎস, Asif Mahmud/Ishraque Hossain/FB

    ছবির ক্যাপশান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেন

    বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

    “সজিব ভুঁইয়া দেশের জনগনের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি,” দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে এসে সাংবাদিক ও তার সমর্থকদের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠের সময় এ মন্তব্য করেছেন তিনি।

    মি. হোসেন ও তার সমর্থকরা দীর্ঘদিন ধরেই তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন।

    সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।

    ইশরাক হোসেন বলেন, উপদেষ্টার এই কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধ শপথ পড়ার সুযোগ পাবেন না।

    তিনি অভিযোগ করেছেন, “বিজয়ী প্রার্থীর গেজেট হলে পরাজিত প্রার্থী বা যেকোনো নাগরিককে সজিব ভুইয়ার মতো ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য রিট মামলা দায়ের করাবেন। রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লেখিত মেয়াদ এর মধ্যে শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।”

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  18. ইরানে সবার মনোযোগ, এর মধ্যে গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ৫১ জনকে হত্যা

    আবারো ত্রাণ কেন্দ্রের কাছে গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে

    ছবির উৎস, Reuter

    ছবির ক্যাপশান, আবারো ত্রাণ কেন্দ্রের কাছে গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে

    গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারো ইসরায়েলি সেনাদের গুলিতে ৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা ।

    গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে এখন উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

    বিবিসি এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মন্তব্য জানতে চেয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা গুলি চালায় ও গোলা বর্ষণন করেছে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলো খাবার সংগ্রহের জন্য।

    আহত অনেককে নাসের হাসপাতালে ফ্লোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

  19. ইরান আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলে

    ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।

    কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি দেশটির কেন্দ্রে আঘাত করেছে।

    ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সবশেষ যে হামলা চালিয়েছে তাতে যে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন।

    তবে, কিছু খোলা জায়গায় পড়েছে বলে তারা চিহ্নিত করেছেন।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  20. ইরানের সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

    আইডিএফ বলছে ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি।

    শাদমানি দেশটির সামরিক সদরদপ্তরের দায়িত্ব নিয়েছিলেন।

    এই দপ্তরই দেশটির এলিট ফোর্স রেভ্যলুউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে।

    গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলামালি রাশিদ নিহত হবার পর শাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন।

    তবে ইরানের সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোন খবর প্রকাশ করা হয়নি।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন: