ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিলো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো তার সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথে পোস্টে লিখেছেন, “সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিলো”। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। এদিকে, ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “না। আমি এটা চাই না।”। সর্বশেষ সব তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, মঙ্গলবার যা যা হলো:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন। যদিও তিনি আবার বলেছেন উভয় দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিলো।
    • মি. ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সরকার উৎখাত চান না।
    • ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি রাডারে হামলা করেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার পর নতুন করে হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছে দেশটি।
    • ইরান সোমবার বলেছিলো, ইসরায়েল এভিন কারগারে হামলা চালিয়েছে এবং এর অংশবিশেষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলছে, ‘এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনালাপের সময় তিনি বলেন “ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না”।
    • ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া। তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
    • ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ই জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে। তিনি বলেছেন, পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন।
    • ব্রিটিশ সামার টাইম অনুযায়ী ঠিক সকাল ছয়টা বেজে আট মিনিটে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। অন্যদিকে, ইরান এর আগেই জানিয়েছিল, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারাও হামলা বন্ধ করবে।
    • সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্নরক্ষামূলক।

    বিবিসি বাংলা লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়

  2. সহযোগিতা শুরু করতে ইরানের প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র আহ্বান

    জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র প্রধান রাফায়েল গ্রসি।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র প্রধান রাফায়েল গ্রসি।

    জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন।

    “ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে আইএইএ এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করাটাই গুরুত্বপূর্ণ,” বলেছেন তিনি।

    তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করা ও শিগগিরই সাক্ষাতের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন।

    সংস্থাটির পরিদর্শকরা পুরো সংঘাতের সময় জুড়ে ইরানে ছিলেন এবং তারা কাজ আবারো শুরু করতে প্রস্তুত বলে সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে।

    “এসব হামলার সময়ে কয়েকটি পরমানু স্থাপনায় ব্যাপক ক্ষতি আমরা দেখেছি। এর মধ্যে ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনাও রয়েছে,” বলেছেন তিনি।

    তাদের পরীক্ষানিরীক্ষায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে স্থানীয়ভাবে কিছু তেজস্ক্রিয়তা ও রাসায়নিক নির্গমন তারা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, স্থাপনার বাইরের অংশে বিকিরণের মাত্রা বৃদ্ধির কোনো রিপোর্ট তারা পাননি।

  3. ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিলো, বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো তার সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথে পোস্ট দিয়েছেন।

    তিনি লিখেছেন “ইসরায়েল ও ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিলো,” বলেছেন তিনি।

    “সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিলো”।

    এর আগে তিনি দুই দেশকে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার ঘোষিত যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে।

  4. যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

    স্যার কিয়ের স্টারমার

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, স্যার কিয়ের স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে’।

    “মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে। এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে,” সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন তিনি।

    “এই বার্তাই আমি নেটোতে আজ অন্য নেতাদের সাথে আলোচনা করেছি,” বলছিলেন তিনি। নেটোর এই সম্মেলন হচ্ছে নেদারল্যান্ডসে।

    এর আগ কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে তিনি কাতারের আমিরের সাথে কথা বলেছেন।

  5. ইরানের কারাগারে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘ

    ইরানের এভিন কারাগার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের এভিন কারাগার

    ইরান সোমবার বলেছিলো, ইসরায়েল এভিন কারগারে হামলা চালিয়েছে এবং এর অংশবিশেষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলছে, ‘এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’।

    “এভিন কারাগারটি কোনো সামরিক স্থাপনা নয় এবং একে লক্ষ্যবস্তু করা আন্তজার্তিক মানবাধিকার বিষয়ক আইনের মারাত্মক লঙ্ঘন,” ইসরায়েলের নাম উল্লেখ না করে বলছিলেন সংস্থার মুখপাত্র থামিন আল-খিতান।

    তিনি জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

    রাজনৈতিক বিদ্রোহী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ হাজার হাজার বন্দি আছে এই কারাগারে।

    ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টিভি ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে ওই হামলায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিলো।

  6. ইসরায়েলি হামলার পর ইরানের একটি শহরের চিত্র

    উত্তর ইরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ফলে যে ক্ষতি হয়েছে, তার ছবি রয়েছে বিবিসি ফারসির কাছে। শহরটির নাম আস্তানেহ-ই আশরাফিয়েহ।

    যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়।

    ইরানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরালেয়ের তরফে চালানো ওই হামলায় মোহাম্মদরেজা সেদিঘি নামে এক ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে।

    উত্তর ইরানের গিলান প্রদেশের ডেপুটি গভর্নর বলেছেন, “এই হামলায় চারটি আবাসিক এলাকার ক্ষতি হয়েছে। এই এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং আশেপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।”

    ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার ফলে নয়জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন।

    যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

    ছবির উৎস, BBC Persian

    ছবির ক্যাপশান, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।
    ওই হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

    ছবির উৎস, BBC Persian

    ছবির ক্যাপশান, ওই হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
  7. যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ট্রাম্পের সমালোচনার বিষয়ে যা জানা গেছে

    রিরশেবায় ইরানের হামলার পর জরুরি কর্মীদের তৎপরতা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রিরশেবায় ইরানের হামলার পর জরুরি কর্মীদের তৎপরতা

    ইরান ও ইসরায়েলের মধ্যে মঙ্গলবার দিনের শুরুতেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও উভয় পক্ষই এ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে পরস্পরের বিরুদ্ধে।

    আজ সকাল নাগাদ যা যা হলো:

    • ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের প্রতিই ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে।
    • ট্রাম্প বলেছেন ‘কোনো পক্ষই জানেনা....তারা কি করছে’—সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন তিনি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এও বলেছেন যে তিনি ইরানের সরকার উৎখাত চান না।
    • ইসরায়েল জানিয়েছে তারা তেহরানের কাছে একটি রাডারে হামলা করেছে। তবে তারা বলছে, ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলার পর যুদ্ধবিমানগুলো সরিয়ে আনা হয়েছে।
    • নেতানিয়াহুর কার্যালয় ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।
    • যুদ্ধবিরতির আগে বিরশেবায় ইরানের হামলায় চারজন ইসরায়েলি নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলে মোট ২৮ জনের মৃত্যু হলো।
  8. ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে ইরান, বললেন দেশটির প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনালাপের সময় তিনি বলেন “ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না”।

    “ইরানের মানুষ আবারো দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়,” বলেছেন তিনি।

  9. নেটো সম্মেলনে ইসরায়েল-ইরানের সংঘাতের ছায়া পড়বে?

    নেদারল্যান্ডসের হেগ-এ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি ফারসির সংবাদদাতা জামাল-আল-দিন মুসাভির মতে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও ইরানের বিরুদ্ধে দুটি নতুন ফ্রন্ট খুলে দিতে পারত। এর মধ্যে একটি পথ খোলা থাকত তুরস্কসহ নেটোর ৩২টি সদস্য দেশের কাছে। তবে তুরস্ক, কাতার ও ওমান আবার ইরানের মিত্র দেশ।

    এই পরিস্থিতিতে নেটোর মহাসচিব মার্ক রুটের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার বৈধতা আছে কি না। উত্তরে তিনি এই হামলাকে বৈধ বলে অভিহিত করেন এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে কথা বলেন। এথেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে নেটো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে।

    কিন্তু হঠাৎই চিত্র বদলে যায়। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি এবং এমনকি শান্তির কথা বলে বসেন। শুধুমাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নয়, ইরান ও ইসরায়েলের মধ্যে তিনি শান্তির পক্ষে কথা বলেন।

    এইভাবেই ডোনাল্ড ট্রাম্প রাজনীতিবিদ, জনমত এমনকি যারা সরাসরি সংঘাতে লিপ্ত তাদেরও বিস্মিত করেন। নেদারল্যান্ডসের হেগ-এ দুই দিনব্যাপী নেটো সম্মেলনে ৪৫জন রাষ্ট্রনেতা তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে নিয়ে যোগ দিচ্ছেন। তবে একটি বিষয় স্পষ্ট যে এখানে তারকা একজনই।

    মি. মুসাভি ব্যাখ্যা করেছেন, নেটো সম্মেলনে বিজয়ীর তকমা পেতে চান মি. ট্রাম্প। তিনি দীর্ঘদিন ধরেই নেটো নেতাদের সামরিক বাজেট বৃদ্ধির দাবির বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন।

    এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, এক উত্তাল সপ্তাহে তিনি ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের উত্থানের আশঙ্কাকে এড়াতে পেরেছেন। হোয়াইট হাউসের দৃষ্টিতে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধ করেছেন এবং নেটো নেতাদের সামরিক বাজেট বৃদ্ধি করতে বাধ্য করে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের প্রতিরোধকে জোরদার করেছেন।

    বিবিসির এই সংবাদদাতা মনে করেন, মার্ক রুট মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং নেটো শীর্ষ সম্মেলন এমনভাবে সাজানো হয়েছে যাতে সমস্ত কিছুই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী হয়।

  10. যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের চিত্র কেমন দেখা গেছে

    যুদ্ধবিরতি কার্যকরের পরে ইরান ও ইসরায়েলের অবস্থা কেমন ছিলো তা বুঝতে নীচের কয়েকটি ছবি দেয়া হলো।

    ছবিগুলোর মধ্যে প্রথম দুটি তেহরানে আর পরের দুটি তেল আভিভের।

    তেহরানের একটি সড়ক

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানের একটি সড়ক
    যুদ্ধবিরতি কার্যকরের পরে তেহরানের আরেকটি এলাকা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুদ্ধবিরতি কার্যকরের পরে তেহরানের আরেকটি এলাকা
    তেল আভিভের একটি এলাকা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তেল আভিভের একটি এলাকা
    তেল আভিভের আরেকটি এলাকা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তেল আভিভের আরেকটি এলাকা
  11. ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প

    নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যাওয়র সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

    ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক”। তিনি বলেন: “সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা অনেক নৈরাজ্য দেখতে চাই না”।

  12. ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েল নতুন হামলা চালায়নি, দাবি নেতানিয়াহুর কার্যালয়ের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন” করার পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে’কে আঘাত করেছে।

    বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাতটা বেজে ছয় মিনিটে (ব্রিটিশ সামার টাইম পাঁচটা বেজে ছয় মিনিট নাগাদ) একটি এবং ১০ টা ২৫ মিনিটে আরও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

    বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনার পর ইসরায়েল “হামলা চালানো থেকে নিজেদের বিরত থেকেছে।”

    বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপের সময় মি. ট্রাম্প ইসরায়েলের ব্যাপক প্রশংসা করে বলেছেন তারা “যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে” এবং “প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির স্থিতিশীলতার বিষয়েও তার আস্থা প্রকাশ করেছেন”।

    যুদ্ধবিরতির পর তেহরান নতুন করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

  13. ইসরায়েল-ইরানের বিষয়ে ট্রাম্পের মন্তব্যে তার ‘হতাশার’ প্রতিফলন

    যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল দুই দেশই তা লঙ্ঘন করেছে উল্লেখ করে ‘অসন্তোষ' প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল দুই দেশই তা লঙ্ঘন করেছে উল্লেখ করে ‘অসন্তোষ' প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প

    যুদ্ধবিরতির পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে যে তিনি “খুশি নন” তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মন্তব্যকে বিশ্লেষণ করেছেন বিবিসি সংবাদদাতা বার্নড ডেবুসম্যান জুনিয়র।

    ওয়াশিংটন থেকে বিবিসির এই সাংবাদিক বলেছেন, "আমি আমার দিনের বেশিরভাগ সময় হোয়াইট হাউসে কাটাই। প্রায়শই প্রেস পুলের অংশ হই বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণের সময়ে তার সঙ্গে ভ্রমণ করি।"

    "আজ সকালে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তেমনটি করতে আমি খুব কমই দেখেছি।"

    প্রেসিডেন্ট ট্রাম্প তার রাগের মুহূর্তগুলোর বিষয়ে কথা বলার জন্য সাধারণত 'ট্রুথ সোশ্যাল' ব্যবহার করেন।

    বিবিসি সংবাদদাতা ডেবুসম্যান জুনিয়রের কথায়, "অন্তত জনসমক্ষে তিনি একজন শান্ত ব্যক্তি, মাপ-ঝোপ করে চুক্তি করতে পারে এমন ভাবমূর্তিই বজায় রাখতে পছন্দ করেন। আমি যতবারই তাকে গণমাধ্যমের সামনে কোনো কোথায় বাধা দিতে কমই দেখেছি এবং দেখে থাকলেও সাংবাদিকদের 'বোকা' বা 'হাস্যকর' প্রশ্নের কারণেই তিনি তা করেছেন।"

    তবে এইবার তেমন হয়নি।

    "হোয়াইট হাউসের সাউথ লনে বিশ্বের ক্যামেরার সামনে তার অশ্লীল ভাষা ব্যবহার সম্ভবত এই ইঙ্গিতই দেয় যে তিনি দুই যুদ্ধরত পক্ষের প্রতি কতটা হতাশ বোধ করছেন। আপাতত ইসরায়েল তার ক্রোধের তীব্রতার মুখোমুখি হচ্ছে," ব্যাখ্যা করেছেন মি. ডেবুসম্যান।

    "ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি গাজা এবং ইউক্রেনসহ সব সংঘাতের অবসান ঘটাবেন। একেবারে সাম্প্রতিক সময়ে আমরা তাকে রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের অবসানের কৃতিত্ব দাবি করতে দেখেছি। তবে, সেই সংঘাতগুলো বেশিরভাগ আমেরিকানের মন থেকে অনেক দূরে ছিল।"

    ইসরায়েল-ইরানের সংঘাতের প্রসঙ্গটি একটু অন্যরকম।

    মি. ডেবুসম্যান ব্যাখ্যা করেছেন, "প্রশাসনের দৃষ্টিতে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়ে থাকলে বা যদি হয়- তাহলে তা একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতিগত অর্জন হিসাবে বিবেচিত হতো। পাশাপাশী এটি একটি উল্লেখযোগ্য বিজয়ের দিকে ইঙ্গিত করতেও সাহায্য করত। বিশেষত, যদি মার্কিন বোমারু বিমানের সাহায্যে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটানো যায়।"

    "গত রাতেই আমরা হোয়াইট হাউসের ভেতর থেকে কিছু ব্যক্তিত্বকে ট্রাম্পের শান্তি স্থাপনের-এর উচ্চস্বরে প্রশংসা করতে দেখেছি। কিন্তু আপাতত, তেমনটি হচ্ছে না বলে তিনি হতাশ এবং ক্ষুব্ধ বলে মনে হচ্ছে।"

  14. ইরান-ইসরায়েল দুপক্ষই লঙ্ঘন করেছে, তবে যুদ্ধবিরতি কার্যকর আছে: ট্রাম্প, যুদ্ধবিরতি কার্যকর আছে : ট্রাম্প

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর আছে
    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর আছে

    ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে জোর দিয়ে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে "যুদ্ধবিরতি কার্যকর আছে।"

    মি. ট্রাম্প বলেন, “ইসরায়েল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ 'প্লেন ওয়েভ' করবে।”

    “কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!”

    যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি।

    মি. ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

    তার কথায়, "আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে। আজ সকালে ইসরায়েল পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি। আমি দেখছি আমি তা বন্ধ করতে পারি কি না।”

    তিনি আরও বলেছেন, “ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্নির্মাণ করবে না।"

    প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি “ইরানের ব্যাপারেও খুশি নন।”

  15. ইসরায়েলের বিষয়ে ‘খুশি নন’ ট্রাম্প, ইসরায়েলের বিষয়ে ‘খুশি নন’ ট্রাম্প

    যুদ্ধবিরতির পর ইসরায়েলের পদক্ষেপে খুশি নন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুদ্ধবিরতির পর ইসরায়েলের পদক্ষেপে খুশি নন ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই “খুশি নন”।

    ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।”

    তিনি আরও জানিয়েছেন, গতকাল এমন “অনেক কিছুই” তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি।”

    “তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।”

    তিনি বলেন, “আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।”

  16. ‘আশ্রয়কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার আশা ক্ষীণ’

    ইরানের ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত ভবনের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা লুসি উইলিয়ামসন
    ছবির ক্যাপশান, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত ভবনের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা লুসি উইলিয়ামসন

    যুদ্ধবিরতির আগে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা দেখা গেছে। ওই হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি দেখা গেছে, সেই বিষয়ে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা লুসি উইলিয়ামসন।

    বিয়েরশেবার বিধ্বস্ত একটি ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা খুঁজে বের করার কাজ চালাচ্ছে একটি উদ্ধারকারী দল। তার নেতৃত্বে ছিলেন সাদার্ন হোম ফ্রন্ট কমান্ডের মুখপাত্র অ্যাডাম ইফতাচ।

    বিবিসি সংবাদদাতার সঙ্গে কথোপকথনের সময় তিনি বর্ণনা করেছেন, ঠিক কী ঘটেছিল। তিনি জানিয়েছেন ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ওই অ্যাপার্টমেন্ট ব্লকের দেয়ালে আঘাত করে যার অন্য পাশে ছিল একটি ‘বম্ব শেল্টার’।

    বোমার হাত থেকে বাঁচতে বাসিন্দারা সেখানে আশ্রয়ও নিয়েছিলেন। এই ঘটনায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া চারজনের মৃত্যু হয়। অ্যাডাম ইফতাচের কথায়, “কোনো আশ্রয়কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তারপরও এটিই সবচেয়ে নিরাপদ জায়গা।”

    এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছিল, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ওই শহরে রাতভর চলা হামলায় চারজনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।

  17. স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

    ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া।

    তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।”

    তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে “অত্যন্ত মূল্যবান” বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা করায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি বলেন, “রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে।”

    প্রসঙ্গত, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।

  18. ইসরায়েলি হামলায় ইরানে ৬০৬ জন নিহত, ঘোনচেহ হাবিবিয়াজাদ, বিবিসি পার্সিয়ান, ওয়ার্ল্ড সার্ভিস প্রতিবেদক

    গত ১২ দিন ধরে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত ১২ দিন ধরে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল

    ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ই জুন থেকে ইসরায়েলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে।

    তিনি বলেছেন, পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন।

    মন্ত্রী আরও বলেছেন যে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে খারাপ হামলা দেখেছে, যেখানে ১০৭ জন নিহত হয়েছে।

    সরকারি বিধিনিষেধের কারণে, বিবিসি সাংবাদিকরা ইরানের ভেতর থেকে রিপোর্ট করতে পারছেন না, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা কঠিন।

    সংঘাতের ওপর নজর রাখে এমন একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান জানিয়েছে যে নিহতের সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ।

  19. 'বোমা ফেলো না'- ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয়।

    ট্রাম্প লিখেছেন, "ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!"

  20. এক নজরে ইসরায়েল-ইরান সংঘাতে সাম্প্রতিকতম ঘটনাবলী

    ইসরায়েলের তোলা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইরান

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের তোলা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইরান

    আজ সকালে যুদ্ধবিরতি রাজি হওয়ার কথা জানায় ইরান ও ইসরায়েল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল, পরে তা অস্বীকার করেছে ইরান।

    গত কয়েক ঘণ্টায় দুই দেশের মধ্যে সংঘাতে একাধিক নাটকীয় মোড়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সাম্প্রতিক সময়ে যে যে ঘটনাবলী দেখা গিয়েছে তার একটি সারসংক্ষেপ উল্লেখ করা হলো-

    • ব্রিটশ সামার টাইম অনুযায়ী ঠিক সকাল ছয়টা বেজে আট মিনিটে মার্কিন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
    • তার এক ঘণ্টা পর ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। অন্যদিকে, ইরান এর আগেই জানিয়েছিল ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারাও হামলা বন্ধ করবে।
    • এরপর সাড়ে আটটা নাগাদ ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং উত্তর ইসরায়েলের আকাশপথে সেগুলিকে প্রতিহত করেছে।
    • ইরান কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করলেও আইডিএফ জোর দিয়ে জানিয়েছে, ইসরায়েল “বল প্রয়োগের মাধ্যমে” এর জবাব দেবে।
    • যুদ্ধবিরতি শুরুর আগে রাতভর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত দেখা গিয়েছে।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সে দেশের রাজধানী ও অন্যান্য শহরে আঘাত হেনেছে। এর ফলে একজন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।
    • স্থানীয় কয়েকজন বাসিন্দা বিবিসি পার্সিয়ান সার্ভিসকে জানিয়েছেন, ১২ দিন আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা সবচেয়ে ‘তীব্র’ আঘাত প্রত্যক্ষ করেছেন।
    • ইসরায়েলের বিয়েরশেবায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।