ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা বাতিল

পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। রবিবার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে, ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে, ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা ঘটেছে

    • পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া "অযৌক্তিক"।
    • ইসরায়েলের হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ।
    • ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে 'তেহরান পুড়বে' বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
    • ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।
    • বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা 'একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন'- জামায়াতে ইসলামীর বিবৃতি।
    • ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা বাতিল

    পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। রবিবার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।

    ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "এই রবিবার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে”।

    আবার ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি

    ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে, তাহলে "আরও কঠোর" প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    পেজেশকিয়ান বলেন, "ইহুদিবাদী আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ইরানের সশস্ত্র বাহিনী”।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানা গেছে।

    এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ তেহরানের "দ্বৈত হুমকি- পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" প্রতিহত করার লক্ষ্যে কাজ করছে।

    "আমরা তাদের ২০ হাজার ক্ষেপণাস্ত্রের উৎপাদন ক্ষমতা তৈরি করতে দিতে পারি না এবং আইডিএফ এখন এটাই করছে,” বলেন তিনি।

  3. ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রে আঘাত হানতে পারে ইসরায়েল: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের ফলে কিয়েভের সামরিক সহায়তা হ্রাস পেতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    তবে মি. জেলেনস্কি বলেছেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা করতে পারে। কারণ ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কো এর ওপরই নির্ভর করে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন সাহায্য হ্রাসের সম্ভাবনার কারণেই তার দেশের প্রতি ইউরোপীয় সমর্থন কমছে।

    মি. জেলেনস্কি আরও সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তেলের দাম বৃদ্ধি, যুদ্ধের অর্থায়নে রাশিয়াকে সহায়তা করতে পারে।

  4. "এবং তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল": ইসরায়েলি নাগরিকের মুখে হামলার বর্ণনা

    ইফাত এবং তার স্বামী জিওন

    ছবির উৎস, BBC/Tom Bennett

    ছবির ক্যাপশান, ইফাত এবং তার স্বামী জিওন

    গত রাতে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠলে পরিবারসহ বাসার বেসমেন্টে ছুটে যান ইফাত বেনহাইম।

    “আমরা দরজা বন্ধ করে দিই, এবং হঠাৎই একটা বিশাল শব্দ শুনতে পাই”। তিনি বলেন, “আমি ভেবেছিলাম পুরো বাড়িটাই হয়তো আমাদের উপর ভেঙে পড়বে”।

    “এবং তারপর পুরোই অন্ধকার”।

    এই ঘটনার পর বাইরে বেরিয়ে, তারা আশেপাশের এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ দেখতে পান।

    অনেকগুলো বাড়ির ছাদ ধসে পড়েছে, রাস্তায় কাঁচ পড়ে আছে এবং কমপক্ষে ৩০টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ভাঙা জানালা এবং দেয়ালে বিশাল ছিদ্র।

    তার দুই প্রতিবেশী নিহত হয়েছেন, নিয়মিত রাস্তায় দেখা হলে যাদেরকে সে হ্যালো বলতো। "এটি একটি ট্র্যাজেডি," তিনি বলেন।

    গত রাতের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি, তেল আবিবের ঠিক বাইরে অবস্থিত রিশন লেজিওন শহর।

    এখন ২৯ বছর ধরে বসবাস করা বাড়িটি থেকে তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন ইফাত, তার স্বামী জিওন এবং কম বয়সী ছয়জন আত্মীয়। আর এটা ঠিক করার চেষ্টা করছেন যে, আজ রাতে তারা কোথায় থাকবেন।

  5. যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা 'অযৌক্তিক': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া "অযৌক্তিক"।

    ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতি, যাকে তিনি ইসরায়েলের "বর্বরতা" বলে অভিহিত করেছেন, তাতে আলোচনা ন্যায্য হতে পারে না।

    ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরপরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করেছিল।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও এ বিষয়ে আশাবাদী বলেই মনে হচ্ছে। এরইমধ্যে তিনি ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

    এখন পর্যন্ত, এপ্রিল এবং মে মাসে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান।

    যেখানে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষটিই প্রধান হিসেবে বলা হচ্ছে।

    ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার অর্থ হল, পুরনো স্থাপনাগুলো পুনরায় তৈরি করতে দেশটির আরো সময় লাগবে।

  6. “যত তাড়াতাড়ি সম্ভব আমি ইরান ছাড়তে চাই,”: তেহরানের বাসিন্দা

    তেহরানে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবন

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনে কাজ করছেন একজন ইরানি অগ্নিনির্বাপক কর্মী

    “দিনরাত শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। রাত যতই ঘনিয়ে আসছে, বিস্ফোরণের শব্দ ততই তীব্র হচ্ছে”।

    তেহরান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী টিকের সাথে কথা হচ্ছিল বিবিসি সংবাদদাতার। তিনি বলছিলেন, এই মুহূর্তে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হতে খুব ভয় পাচ্ছে সে।

    ইরানের অনেক মানুষের মতো, সেও তার পরিবার এবং বন্ধুদের সাথে বারবার যোগাযোগ করছে। জানার চেষ্টা করছে, তারা নিরাপদ আছে কিনা।

    "সবাই একই কথা বলছে যে তারা ঘুমাতে পারছে না," টিকে বলেন।

    ইসরায়েলি অব্যাহত আক্রমণের মধ্যেই, কলেজের পরীক্ষায় মনোযোগ দেয়ার চেষ্টা করছে টিকে।

    বছরের পর বছর ধরে সে এর জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু এখন এটি অনেক দূরের চিন্তা বলেই মনে হচ্ছে।

    "আমি সত্যিই যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে যেতে চাই," সে বলছে।

    "কিন্তু আমার কাছে যথেষ্ট অর্থ নেই।"

  7. একে আমরা 'প্রতিরক্ষা যুদ্ধ' হিসেবে দেখছি- ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান

    ছবিতে দেখা যাচ্ছে, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

    ছবির উৎস, ABIR SULTAN/EPA-EFE/Shutterstock

    "এটিকে প্রতিরক্ষা যুদ্ধ হিসেবে দেখছি আমরা," ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান এবং ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার ইন চিফ আমি আয়ালন শনিবার সকালে বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামে এ মন্তব্য করেছেন।

    তিনি ব্যাখ্যা করেন,"ইরানকে অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখেন বেশিরভাগ ইসরায়েলি”।

    "তারা সামরিক পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি। আমাদের গোয়েন্দা তথ্যে আমি যতটা বুঝতে পেরেছি, এটা স্পষ্ট ছিল যে আমরা যদি এখনই এটি (হামলা) না করি, তবে আমাদের আর সেই সামর্থ্য থাকবে না।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলায় ভূমিকা সম্পর্কে উপস্থাপক সিলিয়া হ্যাটন জানতে চাইলে আয়ালন বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে তিনি এই ধারণা দিয়েছিলেন যে, আমাদের প্রধানমন্ত্রী যা কিছু করবেন তার সবই সে সমর্থন করবে।”

    তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু "খারাপ লোকের ভূমিকায় অভিনয় করবেন" এবং আক্রমণ করবেন, “আর আমেরিকা হবে ভালো লোক”।

    একদিন পর ইরান যখন "আমেরিকার সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করার পরিণতি বুঝতে পারবে", তখন “তার (ট্রাম্প) পক্ষে এই চুক্তি অর্জন করা সহজ হবে।”

  8. ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী নিহত: ইসরায়েল সেনাবাহিনী

    ইসরায়েলের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন

    ইসরায়েলের হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

    এর আগে, ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের প্রাথমিক হামলার পর ইসরায়েল অবশ্য ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হওয়ার খবর দিয়েছিল ।

    এখন তারা বলছে, অভিযানের "শুরুতেই" নয়জন নিহত হয়েছিলেন।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পৃথক বক্তব্যে ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, হামলায় এসফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রয়টার্সকে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ১৫০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছিল।

    ইসরায়েলের দিকে ছোড়া বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি।

  9. হামলা বন্ধ না করলে ‘তেহরান পুড়বে’- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ফাইল ছবি)

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ফাইল ছবি)

    ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে 'তেহরান পুড়বে' বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের সময় করা মন্তব্যে কাৎজ বলেছেন, "ইরানের একনায়ক, দেশটির নাগরিকদের জিম্মিতে পরিণত করেছে।”

    “তারা এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের, বেসামরিক ইসরায়েলি নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার চরম মূল্য দিতে হবে।”

  10. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

    জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জেরুজালেমের আকাশে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র

    তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে তেহরান।

  11. ইরানে একাধিক শহরে আবারও ইসরায়েলি হামলা

    ইরানের তাবরিজ শহরে ইসরায়েলি হামলা

    ছবির উৎস, social/bbcpersian

    ছবির ক্যাপশান, ইরানের তাবরিজ শহরে ইসরায়েলি হামলা

    ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

    বিবিসি পার্সিয়ান বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটার দিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে ইসরায়েল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের চারটি স্থানে হামলা চালিয়েছে।

    ফার্স আরও জানিয়েছে যে আজ শনিবার সকালে ইরানের খোররামাবাদ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি, দেশটির কেরামানশাহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    তবে ইস্ট আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অবস্থিত তাবরিজ রিফাইনারি'র জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের কোনও স্থাপনার ওপর আক্রমণ করা হয়নি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

    তাতে এও জানানো হয়েছে যে পরিশোধনাগারের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

  12. ইসরায়েলে ইরানি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিন, ইরানে একদিনের হামলায় নিহত ৬০ জন

    ইসরায়েলে ইরানি হামলায় নিহতের সংখ্যা আরও একজন বেড়ে তিন হয়েছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।

    দেশটির বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই তিন ইসরায়েলি নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

    তিনি বলেছেন, "ইসরায়েলের জন্য এটি ছিল একটি কঠিন রাত।"

    সবাইকে দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

    "আমরা একটি শক্তিশালী জাতি। কারণ আমাদের আছে দক্ষ সেনাবাহিনী," যোগ করেন তিনি।

    এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে, তাতে ৬০ জন নিহত হয়েছেন। নিহতের মাঝে ২০ জন হলো শিশু।

  13. ইরান জুড়ে সকল বিমান চলাচল বন্ধ

    ইরানের তেহরানের আকাশে একটি বিমান (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের তেহরানের আকাশে একটি বিমান (ফাইল ছবি)

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সব বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

    ইরানিয়ান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানি'র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এটি জানিয়েছে।

    বিবৃতিতে নাগরিকদেরকে বিমানবন্দরগুলো এড়িয়ে চলার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

  14. গতকালের ইসরায়েলি হামলায় আরও দুই ইরানি সামরিক কর্মকর্তা নিহত

    ইসরায়েলি হামলায় নিহত দুই ইরানি সামরিক কর্মকর্তা

    ছবির উৎস, isna

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় নিহত দুই ইরানি সামরিক কর্মকর্তা

    গতকালের ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সশস্ত্র বাহিনীর যোগাযোগ ও তথ্যকেন্দ্র।

    নিহতদের একজন হলেন ঘোলামরেজা মেহরাবি, যিনি সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের উপপ্রধান ছিলেন।

    আরেকজন মেহদি রাব্বানি, তিনি ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশন শাখার উপপ্রধান।

    গতকালের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ, আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিযাদেহ সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।

  15. ইউনূস-তারেক বৈঠক: ‘একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা’ বলছে জামায়াত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

    ছবির উৎস, জামায়াতে ইসলামী ফেসবুক

    লন্ডনে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    এক লিখিত বিবৃতিতে দলটি অভিযোগ করেছে, বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 'একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন'।

    শনিবার দলের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে লিখিত বিবৃতি পাঠায় জামায়াতে ইসলামী, যেখানে পুরো বিবৃতির কোথাও বিএনপির নাম উল্লেখ করা হয়নি।

    বিবৃতিতে জামায়াতে ইসলামী বলেছে, "তিনি (প্রধান উপদেষ্টা) বিগত ছয়ই জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতি দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি।"

    "এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল।"

    বিবৃতিতে জামায়াতে ইসলামী আরো বলেছে, একটি দলের সাথে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়ার কারণে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে 'জনগণের মধ্যে আশংকা' সৃষ্টি হয়েছে।

    এছাড়া দেশে 'অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরও একটি মাত্র রাজনৈতিক দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের' সমালোচনা করা হয়েছে ওই বিবৃতিতে।

    শুক্রবার ১৩ই জুন যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টা ১০মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে যৌথ বিবৃতি ও যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা গেলে, ২০২৬ সালের রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

    মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমান।

    ছবির উৎস, CA PRESS WING

  16. ইসরায়েলি হামলার কারণে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষাসূচি পরিবর্তন

    ইসরায়েলি হামলা ও সামগ্রিকভাবে দেশের নিরাপত্তাজনিত কারণে ইরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার-ফাইনাল পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে।

    যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো— তেহরান বিশ্ববিদ্যালয়, শরীফ ইন্সটিটিউট অব টেকনোলজি, শহীদ বেহেশতি ইন্সটিটিউট অব টেকনোলজি, ইরান ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমিরকবির ইন্সটিটিউট অব টেকনোলজি ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি।

  17. ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের – ফার্সের প্রতিবেদন

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানাচ্ছে, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি।

    বরং, ইসরায়েলের বিরুদ্ধেও ইরানি হামলা "চলবে"।

    নাম প্রকাশ করেননি, এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য দিয়েছে।

    ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

  18. বেসামরিক এলাকায় হামলা করে সীমা অতিক্রম করেছে ইরান: ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ফাইল ছবি)

    গতকাল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর যে একাধিক হামলা হামলা চালিয়েছে ইসরায়েল, তার জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 'রেড লাইন' বা সীমা অতিক্রম করেছে ইরান – এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    এক বিবৃতিতে তিনি বলেছেন, "ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে ইরান তার সীমা বা 'রেড লাইন' অতিক্রম করেছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

    আর, আয়াতুল্লাহ প্রশাসনকে তাদের এই জঘন্য কর্মকাণ্ডের জন্য চরম মূল্য চুকাতে বাধ্য করবো।"

    এর আগে, ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিলো যে, তারা ইসরায়েলের "ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে" হামলা চালাতে যাচ্ছে তারা।

  19. দুই দফায় ইসরায়েলের দিকে ১০০'র কম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: আইডিএফ

    ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া গাড়ি

    ছবির উৎস, Reuters

    ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় একশো'র চেয়ে কিছু কম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, দাবি আইডিএফ-এর।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র এভিসাই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস অথবা লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে।

    "তবে কিছু ক্ষেপণাস্ত্র কয়েকটি ভবনে আঘাত করেছে। আবার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইলের শ্রাপনেলে।"

    যেসব ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

  20. আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান

    গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালিয়েছিলো ইসরায়েল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গত শুক্রবার ভোর রাতে ইরানে হামলা চালিয়েছিলো ইসরায়েল

    স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে সাতটায় পুনরায় আকাশসীমা খুলে দিয়েছে জর্ডান।

    দেশটির সিভিল এভিয়েশন কমিশনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এর আগে জর্ডান সব ফ্লাইট স্থগিত করেছিল।

    তবে, দুই দেশের মাঝে উত্তেজনা না কমলেও প্রায় ২৪ ঘণ্টা পর জর্ডান আকাশসীমা চালু করলো।