‘সাবেক প্রতিমন্ত্রীর হৃদয় পৃথিবী’

‘সাবেক প্রতিমন্ত্রীর হৃদয় পৃথিবী’- দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দায়িত্বে থাকাকালীন স্বজনদের নিয়ে অনিয়মের একটি চক্র গড়ে তুলেছিল বলে খবরে বলা হয়েছে।
আর এখন এই চক্রটির বিরুদ্ধে ঘুস নিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া, বদলি বাণিজ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের অর্থ নয়ছয় করার মতো অভিযোগগুলো তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ থেকে জানা গেছে, আওয়ামী লীগের গত মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাই মো. সাহাবুদ্দিন, ভাতিজি শামীমা সুলতানা হৃদয়, ভাতিজির জামাই মুহাম্মদ মেহেরাব পাটোয়ারী ও ভাগ্নে ইয়াসিন আরাফাত পৃথিবীর (এএম ইয়াসিন) নেতৃত্বে চক্রটি গড়ে ওঠে।
তাদের বিরুদ্ধে ঢাকা ও খুলনায় বাড়ি, ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগ রয়েছে।
খুলনা থেকে করা একই অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মন্নুজান সুফিয়ান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ার পেছনে আত্মীয়স্বজনের অনিয়ম-দুর্নীতি মুখ্য ভূমিকা রেখেছে বলে মনে করেন স্থানীয় লোকজন।
জানতে চাইলে শামীমা সুলতানা হৃদয় দেশ রূপান্তরকে বলেন, তিনি নিয়োগ, বদলি বাণিজ্যসহ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ভুয়া ও মিথ্যা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ‘জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরকারি মজুত শেষের পথে’।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মাঠপর্যায়ে সরকারের দেওয়া জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট চলছে। উপজেলা ও মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর মজুত প্রায় শেষের দিকে।
কোনো উপজলেয়ায় নেই ইমপ্লানন, আবার কোথাও নেই ইনজেকশন। পাশাপাশি কনডম শেষ হবার পথে। এছাড়া জন্মনিরোধক যে বড়ি আছে তা দিয়ে আগামী পাঁচ মাসের মতো চলবে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সক্ষম দম্পতিদের ৩৭ শতাংশ এখন সরকারি খাত থেকে জন্মনিয়ন্ত্রণসামগ্রী পান। আর এনজিও এবং বেসরকারি খাত থেকে পান যথাক্রমে তিন শতাংশ এবং ৬০ শতাংশ।
এ বিষয়ক তথ্য নিয়মিত পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা হলেও পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অধিদপ্তর বা মন্ত্রণালয় জন্মনিয়ন্ত্রণসামগ্রীর মজুত বাড়ানোর বা কেনার চেষ্টা করেনি বলে খবরে উল্লেখ করা হয়েছে।
‘ঢাকার প্রাথমিক পর্যায়ের ৮০% শিক্ষার্থীই পড়াশোনা করছে বেসরকারি স্কুলে’- বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী।
বাকি ৮০ শতাংশই অধ্যয়ন করছে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে, যা কিনা রাজধানীর বাইরের চিত্রের থেকে একেবারেই আলাদা।
ঢাকার বাইরে প্রাইমারি পর্যায়ের শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি পড়াশোনা করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে ৫৬ দশমিক ৩৪ শতাংশ, রাজশাহীতে ৬৪ দশমিক ১১, রংপুরে ৪৮ দশমিক ৯, খুলনায় ৬৪ দশমিক ১৯, ময়মনসিংহে ৫৭ দশমিক ২৪, সিলেটে ৬৭ দশমিক ২ ও বরিশালে ৭৭ দশমিক ৬৭ শতাংশ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী পড়াশোনা করছে সরকারি বিদ্যালয়ে।
সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব, নিরাপত্তা ব্যবস্থার অপর্যাপ্ততা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্য এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের অনীহার কারণেই ঢাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীরা কম ভর্তি হচ্ছে।
এছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র এবং তার মামলা বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য কালবেলা, সংবাদ, প্রথম আলো ও বণিক বার্তাসহ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতার খবরে উঠে এসেছে।

‘ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল’ শিরোনামে বণিক বার্তার খবরে বলা হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত তহবিলের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার মহানগর স্পেশাল কোর্টে এ অভিযোগপত্র জমা দেন।
এ বিষয়ে দুদকের প্যানেলভুক্ত আইনজীবী খুরশীদ আলম খান বণিক বার্তাকে বলেন, ‘এ মামলায় ১৩ জন আসামি ছিল। আদালতে জমা দেয়া অভিযোগপত্রে নতুন করে দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা পাওয়া গেছে।’
এর আগে গত ২৯ জানুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছিল দুদক।
পাশাপাশি পত্রিকাটিতে প্রকাশিত আরেকটি খবর ‘ড. ইউনূসকে হয়রানির জন্য সরকার কিছু করছে না: আইনমন্ত্রী’।
একইদিন সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক ড. ইউনূসকে নিয়ে কথা বলেন।
সেখানে তিনি বলেন, সরকার ড. ইউনূসকে হয়রানির জন্য কিছু করছে না। সরকার কোনো মিথ্যা মামলা করেনি। শ্রম অধিদপ্তরের তদন্তে শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ হওয়ায় শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিত করতে মামলা করা হয়েছে।
‘সৌদি সরকার ‘বিরক্ত’ বাংলাদেশের ওপর’, কালবেলা পত্রিকার প্রথম পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার চলতি বছরের হজ নিবন্ধনের সময় শেষ হলেও কোটার হিসাবে এখনো ২৭ হাজারের বেশি হজযাত্রীর নিবন্ধন বাকি।
কাঙ্ক্ষিত হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন না হওয়ায় সৌদি কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জানাতে পারছে না ধর্ম মন্ত্রণালয়।
এ নিয়ে বাংলাদেশের ওপর সৌদি সরকার ‘চরম বিরক্ত’ বলে খবরটিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিবন্ধনের শেষ দিন গতকাল হজ পোর্টাল ওয়েবসাইটে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন।
যদিও মন্ত্রণালয়ের ভাষ্য, সব মিলিয়ে ৮০ হাজারের মতো নিবন্ধন হয়েছে। নিবন্ধনকারীর সঠিক সংখ্যা ওয়েবসাইটে আপলোড হয়নি।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।
সেক্ষেত্রে আগামী রবি ও সোমবার এই দুদিন বাড়তে পারে। তবে তা এখনো নিশ্চিত করছে না ধর্ম মন্ত্রণালয়।
গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়ে চলে ১০ ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ হজযাত্রী নিবন্ধন না করায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
এরপর দফায় দফায় ১৮ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।
‘মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে চলছে গুঞ্জন’- যুগান্তরের প্রথম পাতার খবর এটি।
খবরে বলা হয়েছে, নতুন সরকারের মেয়াদ এক মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর মন্ত্রিসভা একটু বড় হতে পারে। যুক্ত হতে পারেন ৫-৭ জন সদস্য। ১৪ দলীয় জোটের শরিক দল থেকে একজনকে স্থান দেওয়া হতে পারে।
টেকনোক্র্যাট কোটায় দুজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে এমন আলোচনাও আছে।
কে বা কাকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
এক্ষেত্রে কয়েকজন নতুন সংসদ-সদস্যের নাম আলোচনায় আছে। এরা এবারই প্রথম এমপি হয়েছেন। আগে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভা গঠন, সম্প্রসারণ বা রদবদল পুরোপুরিভাবে প্রধানমন্ত্রীর একক এখতিয়ার। কে কে মন্ত্রিসভায় আসবেন-এটি একান্তভাবেই প্রধানমন্ত্রী জানেন। সরকারের প্রয়োজনে মন্ত্রিসভার আকার বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে।

বিশ্ব জলাভূমি দিবসকে উপলক্ষ করে সমকাল পত্রিকার প্রধান শিরোনাম ‘জলাশয় ভরাটের দৌড়ে এগিয়ে সরকারি সংস্থা’।
খবরে বলা হয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্প যাতে জলাধারের অবাধ প্রবাহে বাধা না হয়ে দাঁড়ায়- খোদ প্রধানমন্ত্রী বারবার এমন নির্দেশনা সত্ত্বেও জলাভূমি নির্মূল হচ্ছে।
অনুসন্ধান বলছে, জলাশয় দখলের দৌড়ে এগিয়ে আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। আর আইনের কার্যকারিতা না থাকায় দখলকাণ্ডে পিছিয়ে নেই বেসরকারি সংস্থা ও প্রাভবশালী ব্যক্তিরাও।
আবার দখলদার চেনা গেলেও তাদের তাড়ানোর তাড়া নেই সরকারি সংস্থার।
আর যদিওবা কখনো তাদের উচ্ছেদের চেষ্টা করা হয়, দখলদার পাল্টা মামলা ঠুকে থামিয়ে দেয় উচ্ছেদ প্রক্রিয়া।
ফলে রাজধানীসহ সারাদেশে ধুকছে জলাধার; ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জলাশয়।
পরিসংখ্যান বলছে, ২৮ বছরের মধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় জলাধারের পরিমাণ কমে তা বর্তমানে সাত ভাগের এক ভাগে দাঁড়িয়েছে। আর হাওর এলাকায় গত তিন দশকে ৮৭ শতাংশ জলাভূমি কমে ৪০০ বর্গকিলোমিটারে নেমেছে।
এতে বন্যার ব্যাপকতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম ‘ভেজাল খাদ্যে দীর্ঘমেয়াদী রোগের উচ্চ ঝুঁকিতে দেশ’
বিভিন্ন সংস্থা ও সরকারি তথ্যের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশের ৭০ শতাংশ মৃত্যু হয় দীর্ঘমেয়াদি বা অসংক্রামক রোগে।
এর মধ্যে ক্যান্সারে প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে দেড় লাখ মানুষ, মারা যাচ্ছে এক লাখ আট হাজার।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভেজাল খাদ্য।
উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যে বিষাক্ত ভারি ধাতু যুক্ত হচ্ছে।
তবে দেশে এখনো ভারি ধাতু পরিশোধনের কার্যকর কোনো ব্যবস্থা পর্যন্ত গড়ে ওঠেনি। খাদ্যের নিরাপত্তার বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখনো প্রাথমিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।
২০১৩ সালে সরকার নিরাপদ খাদ্য আইন পাস করে। এরপর ২০১৫ সালে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিন্তু সরকারের এই সংস্থাটি পুরোদমে কাজ শুরু করতে পেরেছে ২০২০ সাল থেকে।
২০১৮ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
আজ থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার খবর নিয়ে নয়া দিগন্তের প্রথম পাতার খবর ‘কঠোর নিরাপত্তায় টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমা’।
খবরটিতে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইতোমধ্যে ১৬০ একরের ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অনেকেই বিশ্ব ইজতেমার মূল ময়দানে জায়গা না পেয়ে ইজতেমা মাঠে প্রবেশ পথের দুইপাশে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
মাঠের উত্তর-পশ্চিম দিকে বিভিন্ন দেশের অতিথিদের জন্য আন্তর্জাতিক নিবাস তৈরি করা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা মূল কার্যক্রম শুরু হবে। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতে বুধবার সকাল থেকে ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। বাস, ট্রাক, ট্রেন ও হেঁটে টুপি-পাঞ্জাবি পরিহিত মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে আসছেন।
তার আগের দিন প্রধানমন্ত্রীর একুশে বইমেলার উদ্বোধনের খবরটি নয়াদিগন্ত, ইত্তেফাক এবং সংবাদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে রেকর্ড ২১তম বারের মতো মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর উদ্বোধনী ভাষণের বক্তব্য খবরগুলোতে উঠে এসেছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বৈশ্বিক মঞ্চে পৌঁছে দিতে বিভিন্ন ভাষায় অনুবাদের পাশাপাশি মুদ্রিত বইগুলোর ডিজিটাল প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।








