'সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা'

সমকালের শিরোনাম 'সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা'। খবরটিতে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য– এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ।
তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে।

'রাতের ভোটের কুশীলবরা কোথায়' এটি যুগান্তরের শিরোনাম। এই খবরে বলা হচ্ছে, নৈশভোটের কারণে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সেই নির্বাচনের 'কুশীলবদের' সম্পর্কে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে রাতের ভোটের হোতা হিসাবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার অন্যতম বেশিরভাগ সহযোগী এখন পলাতক। আবার অনেকেই গ্রেফতার হয়ে কারাবন্দি।
তবে ২০১৮ সালের ওই ভোট কারচুপি পরিচালনায় মাঠের দায়িত্বে থাকা ১১৬ জন ডিসি-এসপির বেশিরভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে। চাকরিতেও আছেন বহাল। দুদকের পাঁচ সদস্যের একটি টিম এদের সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে। সংগ্রহ করা হচ্ছে তাদের আয়কর নথি। অনেকের বিপুল অবৈধ সম্পদও পাওয়া গেছে।
তবে নৈশভোট সম্পন্ন করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থানার অফিসার ইনচার্জরা (ওসি) আছেন ধরাছোঁয়ার বাইরে। সে সময় থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করা ব্যক্তিদেরও অনুসন্ধানের আওতায় আনা দরকার বলে জনিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
দুদক সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে শতকরা ৯০ ভাগের বেশি ভোট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
'ফখরুলের বক্তব্যের কড়া জবাব নাহিদের' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ।
নাহিদ বলেছেন, এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। এমন কিছুর চিন্তা হলে সেটা বিএনপি'র বিরুদ্ধেও ষড়যন্ত্র মনে করেন সরকারের এই উপদেষ্টা।
মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট (পরিচালনা) করা পর্যন্ত থাকবে। তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।'
বিএনপি মহাসচিবের এই বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান। তার এই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ।

'নিলামে সাবেক ২৪ এমপির গাড়ি' প্রথম আলোর শিরোনাম। এই খবরে বলা হচ্ছে, দ্বাদশ সংসদের সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হওয়ার পর গত পাঁচ মাসে মাত্র একজনই শুল্ক-কর দিয়ে একটি গাড়ি খালাস করেছেন। দুই দফা চিঠি দেওয়ার পরও আমদানি করা অন্য গাড়িগুলো খালাস নেননি সাবেক সংসদ সদস্যরা (এমপি)। এসব গাড়ির ২৪টি আগামী সপ্তাহে নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস।
এসব গাড়ি আমদানিতে সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। সব মিলিয়ে গাড়ি কেনা বাবদ সবাই মিলে খুইয়েছেন প্রায় ২৩ কোটি টাকা। এই টাকা তারা আর ফেরত পাচ্ছেন না। এখন কাস্টমস নিলামে তুলে বিক্রি করে যা পাবে, তা সরকারি কোষাগারে জমা হবে।
গাড়িগুলোর সংরক্ষিত মূল্য (শুল্ক-করসহ) ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করেছে কাস্টমস। প্রথম নিলামে ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসাবে প্রতিটি গাড়ি কিনতে ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা দর দিতে হবে। ২৫ শতাংশ করসহ এই গাড়ির সর্বনিম্ন দাম পড়বে ৭ কোটি ২৫ লাখ টাকা।

কালের কণ্ঠের শিরোনাম 'বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%'। খবরে বলা হচ্ছে, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) বড় ধরনের পতন হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গত অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৭১ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
চলতি অর্থবছরের শুরু থেকেই দেশজুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকারের পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এর পরও কাটেনি অস্থিরতা, নানা দাবিতে বিভিন্ন সংগঠন বারবারই পথে নেমেছে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। গ্যাস-বিদ্যুৎ সংকটের ধারাবাহিকতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।
তা ছাড়া বিনিয়োগের বাধার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের উচ্চ সুদহার। এমন পরিস্থিতিতে বাড়ছে বেকারত্বের হারও। নতুন বিনিয়োগে যাচ্ছেন না দেশীয় বিনিয়োগকারীরা। তাঁদের মতো নতুন বিনিয়োগকারীরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

'লুটপাটে গায়েব ভর্তুকির টাকা' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, কর্মকর্তাদের দুর্নীতিতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তিন হাজার কোটি টাকার 'সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প'। যন্ত্র কেনার জন্য কৃষককে প্রদেয় ভর্তুকির টাকার বড় অংশ হয়েছে লুটপাট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জুনে। তবে দুর্নীতির দায় মাথায় নিয়ে এটি আর এগিয়ে নিতে আগ্রহী নন কর্মকর্তারা। তাই ব্যয় না করেই প্রকল্পে বরাদ্দ করা প্রায় ৪০০ কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন তাঁরা।
বাণিজ্যিকীকরণ ও আধুনিকায়নের মাধ্যমে কৃষিকে লাভজনক করে তোলার উদ্দেশ্যে 'সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্প হাতে নিয়েছিল সরকার।
এই প্রকল্পে উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে কৃষকদের ১২ ধরনের ৫১ হাজার ৩০০টি কৃষিযন্ত্র দেওয়ার কথা। কৃষিযন্ত্র কেনার জন্য হাওর ও উপকূলীয় এলাকার কৃষকদের ৭০ শতাংশ এবং অন্য সব এলাকার কৃষকদের ৫০ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা রয়েছে।
মাঠপর্যায়ের তথ্য থেকে জানা গেছে, বহু প্রকৃত কৃষক এ ভর্তুকির ছিটেফোঁটাও পাননি। টাকা জমা দিয়ে যন্ত্রের অপেক্ষায় বসে থাকার নজির যেমন আছে, তেমনি আছে কৃষি পেশার বাইরের লোককে যন্ত্র দেওয়ার ঘটনা।

'১৬ বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা' নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় দায়ের হওয়া মামলায় জামিনপ্রাপ্তরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ মোট চার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরের পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১, ২ ও হাইসিকিউরিটি কারাগার থেকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য মামলার জামিনপ্রাপ্ত আসামিরা বের হন। এর আগে তাদের মুক্তি পাওয়া উপলক্ষে গতকাল সকাল থেকেই চার কারাগারের প্রধান ফটকের বাইরে পরিবারের স্বজনরা অপেক্ষা করতে থাকেন।
ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মো: জাহাঙ্গীর কবির নয়া দিগন্তকে বলেন, বিশেষ ট্রাইব্যুনাল, নিউমার্কেট থানা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চার কারাগারে আটক মামলার আসামিদের জামিনের আদেশের কাগজ আসার পর যাচাই বাছাই শেষে বিডিআর বন্দিদের মুক্তি দেয়া হয়।
এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জনকে মুক্তি দেয়া হয়। পরবর্তীতে আরো ১০ জনের জামিননামা পাওয়ায় মোট ১৭৮ জনকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।

''ভাগ্যবান' ঋণখেলাপি আব্দুল আজিজ আবারো সক্রিয় বিনোদনজগতে' বণিক বার্তার শিরোনাম। খবরে বলা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিদের অন্যতম ক্রিসেন্ট গ্রুপের আব্দুল আজিজ। বাংলা সিনেমা জগতের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারও তিনি।
তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে জনতা ব্যাংক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের পাঁচ বছর পেরিয়ে গেলেও আব্দুল আজিজ থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আদালতের পক্ষ থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলে কার্যকর হয়নি সেটিও। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও বহাল তবিয়তে রয়েছেন শীর্ষ এ ঋণখেলাপি।
ব্যাংক ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, আব্দুল আজিজ হলেন দেশের 'ভাগ্যবান' ঋণখেলাপি। দেশের বড় ঋণখেলাপিদের বেশির ভাগই হয় কারাগারে গিয়েছেন, নয়তো দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু এ তালিকার শীর্ষস্থানীয়দের অন্যতম হয়েও আব্দুল আজিজ সব সময় ক্ষমতার কেন্দ্রে থেকেছেন।
পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের সঙ্গে দহরম-মহরম ছিল তার। জনতা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ বের করতে চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকাদের ব্যবহার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার গ্রেফতার এড়ানো বা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রেও এখন একই পদ্ধতি অনুসরণ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

''আন্দোলনে 'মানবাধিকার লঙ্ঘন' নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝমাঝি''। এটি সংবাদের শিরোনাম। এই খবরে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের কাজ চূড়ান্ত পর্বে রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে গত বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এ কথা জানিয়েছেন বলে খবর বাসসের।
বাসসের প্রতিবেদনে জানা যায়, জেনিভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে তা বাংলাদেশকে দেখানো হবে বলেও প্রধান উপদেষ্টাকে বলেছেন টুর্ক।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, 'বাংলাদেশ সরকারের গঠিত প্রধান ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এসব প্রতিবেদন একে অপরের পরিপূরক হতে পারে।'

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Titas Gas sinks further in red on system loss'. এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তিতাস গ্যাসে এক হাজার ২০৪ ঘনফুট গ্যাস সিস্টেম লস হয়েছে। যা এক দশকের মধ্যে সর্বোচ্চ সিস্টেম লসের ঘটনা। এতে যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে, তা দিয়ে দেশে এক মাসের এলএনজি আমদানির ব্যয় বহন করা সম্ভব।
অবৈধ সংযোগ, পুরোনো সঞ্চালন লাইন, ভূ-গর্ভস্থ বিভিন্ন পরিষেবার কাজের সময় খোঁড়াখুড়িতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া, গ্রাহকদের অসচেতনতা এবং ভুল তথ্যের কারণে এই ঘটনা ঘটেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সিস্টেম লস ছিলো দুই শতাংশ। কিন্তু সর্বশেষ অর্থবছরে তা বেড়ে সাত দশমিক ছয় সাত শতাংশে পৌঁছেছে। যার আর্থিক মূল্য প্রায় দুই হাজার নয় শ পয়তাল্লিশ কোটি টাকা।
'BDR families reunite after 16 years' নিউজ এইজের শিরোনাম এটি। এই খবরে বলা হচ্ছে, তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ১৭৮ জন সাবেক সদস্য ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০০৯ সালে বিডিআর হত্যাকান্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছিল। সেই মামলায় আদালত থেকে মুক্তির আদেশ দেওয়ার চারদিন পর কারাগার থেকে মুক্ত হলেন তারা।
মুক্তির আদেশ পাওয়ার পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিডিআর সদস্যরা। এ সময় কারাগারের বাইরে তাদের স্বজনেরা অপেক্ষা করেন। দীর্ঘ ১৬ বছর পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

'নির্বাচন নিয়ে কাছাকাছি ইসি-রাজনৈতিক দল!' এটি দেশে রূপান্তরের শিরোনাম। এই প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো যারা গত ১৪-১৫ বছর রাজপথে আন্দোলন করেছে, তারা চলতি বছরেই নির্বাচন চাইছে।
তারা ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আগ্রগ্রন জানিয়েছে। সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা না হলেও এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ আসছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় ব্যালটে ভোট করার কথাও বলেছেন তিনি।
এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো ও নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে অনেকটা কাছাকাছি এসেছে বলে মনে করছেন রাজনীতিবিদসহ অনেকে।








